আগরতলা, ২৮ মার্চ: আইজিএম হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, হাসপাতালের চিকিৎসক এক রোগীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। ওই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোগী ও তার পরিবারের দাবি, চিকিৎসক দীর্ঘদিন ধরেই রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। শুধু তাই নয়, হাসপাতালের পরিষেবায় চরম অব্যবস্থাপনার অভিযোগও সামনে এসেছে। তাদের অভিযোগ, চিকিৎসক নিজের ইচ্ছামতো পরিষেবা পরিচালনা করছেন এবং সরকারি নিয়ম-কানুনের তোয়াক্কা করছেন না।
এই ঘটনাকে কেন্দ্র করে আজ সংবাদমাধ্যমের কাছে অভিযোগ পৌঁছায়। বিষয়টি জানতে সাংবাদিকরা আইজিএম হাসপাতালে গেলে তাদের কাজে বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন।
এ বিষয়ে নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, চিকিৎসকের নির্দেশেই তারা সাংবাদিকদের ছবি তুলতে দেননি। ওই ঘটনাটি ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

