আগরতলা, ২৪ মার্চ: আবারও আগরতলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করল জিআরপিএস থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে রুটিন তল্লাশি চালানোর সময় জিআরপিএস থানার পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক নিজের নাম সুব্রত দত্ত বলে স্বীকার করেছে। তার বাড়ি মধুপুর থানা এলাকায়। পুলিশের কাছে সে জানায়, পিস্তলটি বিহার থেকে ট্রেনে করে আগরতলায় নিয়ে আসে এবং পরে মধুপুরে বিক্রির পরিকল্পনা ছিল।
ঘটনার খবর পেয়ে জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পাশাপাশি ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, ধৃত সুব্রত দত্তকে বুধবার আদালতে তোলা হবে এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

