আগরতলা, ২৩ মার্চ: এডিসি নির্বাচনকে সামনে রেখে ফের কৌশলী বার্তা দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। আজ এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিপ্রাসা জনগণের স্বার্থে কোনও ধরনের আপস করবেন না এবং ত্রিপাক্ষিক চুক্তি পূরণ না হলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যাবেন না।
ভিডিও বার্তায় প্রদ্যোৎ বলেন, তাঁর একমাত্র জোট তিপ্রাসা জনগণের সঙ্গে। কোনও গ্যারান্টি, তিপ্রাসা চুক্তির বাস্তবায়ন বা নিশ্চিত আশ্বাস ছাড়া আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করব না।
অন্যান্য রাজনৈতিক দলগুলির উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আমার নাম প্রদ্যোত বিক্রম মানিক্য। আমি আমার মানুষের জন্য লড়াই করি। আগামী প্রজন্মের স্বার্থে আমি কখনও আপস করব না।
আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে ঘিরে আত্মবিশ্বাসী সুরও শোনা যায় তাঁর কথায়। তিনি বলেন, ঈশ্বর আছেন, তিনিই আমাদের জিতিয়ে দেবেন। আমাদের মানুষই আমাদের জয় নিশ্চিত করবে।
একই সঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান প্রদ্যোত। তিনি স্পষ্টভাবে বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা হিংসা থেকে দূরে থাকতে হবে। এই লড়াই শুধু রাজনীতির জন্য নয়, আমাদের সন্তানের অধিকার ও ভবিষ্যতের জন্য, জোর দিয়ে বলেন তিনি।

