ধর্মনগর উপনির্বাচন ঘিরে বিজেপির সাংগঠনিক বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী

ধর্মনগর, ২২ মার্চ: ত্রিপুরার ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রবিবার ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. প্রফেসর মানিক সাহা। এছাড়াও মন্ত্রী ও বিধায়কেরা সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির পক্ষ থেকে জহর চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআই(এম)-এর প্রার্থী অমিতাভ দত্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি প্রতিটি নির্বাচনকেই অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। তিনি জানান, দলের পক্ষ থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালানো হবে।

এছাড়াও তিনি দলের সকল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রার্থী জহর চক্রবর্তীকে আগের চেয়ে আরও বেশি ভোটে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

আগামী ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।

Leave a Reply