জোটের ‘ধর্ম’ বজায় রাখবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ মার্চ: বিজেপি কখনওই জোটের ‘ধর্ম’ বা নীতিকে ভঙ্গ করবে না এবং জোটের মর্যাদা রক্ষা করেই এগোবে। আজ আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে জোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।

শনিবার আগরতলার শহীদ ভগৎ সিং যুব হোস্টেল-এ আয়োজিত এক বিশেষ সাংগঠনিক প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা জোটের ধর্মকে সম্মান করি এবং তা মেনেই চলবো। আগেও বলেছি, এখনও একই অবস্থানে আছি।

আসন্ন টিটিএএডিসি নির্বাচনে বিজেপি ও মথা কতটি আসনে লড়বে, সে বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দিল্লিতে আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁরাই ঠিক করবেন, কীভাবে এবং কোন ফর্মুলায় নির্বাচন লড়াই হবে।

এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দলের জাতীয় সম্পাদক বিনোদ সোনকার, মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য-সহ একাধিক মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্যরা।

এদিন তিনি বলেন, শিবিরে বিশেষভাবে আলোচনা করা হয় এসআইআর প্রসঙ্গে যা খুব শীঘ্রই ত্রিপুরায় শুরু হতে চলেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের অভিভাবকদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাদের কোনও চিন্তার কারণ নেই। শুধুমাত্র একটি ফর্ম পূরণ করলেই হবে।

তিনি আরও বলেন,নির্বাচন কমিশনের এই উদ্যোগ মূলত ভোটার তালিকা পরিশুদ্ধ করার জন্য। আমাদের রাজ্য তিনদিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত, তাই এই প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলের কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কর্মীদের প্রস্তুত থাকতে হবে যাতে প্রকৃত ভোটাররা কোনও সমস্যার সম্মুখীন না হন। সেই লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হচ্ছে।

Leave a Reply