আগরতলা, ১৭ মার্চ: রাজ্যের বিভিন্ন কৃষি মহকুমায় ৮টি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। এরমধ্যে পোয়াংবাড়ির কৃষি গবেষণা কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং এর উদ্বোধনও হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজনগর, কাঁঠালিয়া, নলছড়, জিরানীয়া, লেফুঙ্গা, কল্যাণপুর ও যুবরাজনগর কৃষি মহকুমাগুলিতে এই গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বর্তমানে পোয়াংবাড়ি ছাড়াও রাজনগর, কল্যাণপুর এবং জিরানীয়ায় কৃষি গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কাঁঠালিয়া, নলছড়, লেফুঙ্গা এবং যুবরাজনগর কৃষি গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পে ২১ কোটি ৩১ লক্ষ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।
2026-03-17

