কুমারঘাট, ১৭ মার্চ: উত্তর ত্রিপুরার কুমারঘাট দেওসেতু সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নদীভাঙনের আশঙ্কা। বর্ষা ঘনিয়ে আসতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে নদীর পাড় রক্ষা ও বাঁধের পাশে ড্রেইন নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত বছর প্রবল বন্যা ও নদীর স্রোতে বাঁধের একাংশ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই ঘটনার পর এলাকাবাসী একত্রিত হয়ে লিখিতভাবে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর এবং পূর্ত দপ্তর-এর কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে একটি টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয় বলে জানা গেছে।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের তরফে বাস্তবিক কোনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ। ফলে বর্ষা নামার আগেই ভাঙন পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার এক বাসিন্দা বলেন, প্রতি বছরই আমরা একই সমস্যার মুখোমুখি হই। বাঁধ মেরামত না হলে এবং ড্রেইনের ব্যবস্থা না করলে এ বছরও বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে।
এদিকে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। এখন দেখার, বর্ষা আসার আগেই প্রশাসন কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে।

