ত্রিপুরায় ৬২টি নিম্নমানের ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা, ২০১৩-র পর ভেজাল ওষুধের খোঁজ মেলেনি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ মার্চ ২০২৬: ত্রিপুরায় “স্ট্যান্ডার্ড মানের নিচে” (এনএসকিউ) হিসেবে চিহ্নিত ৬২টি ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য তুলে ধরে তিনি জানান, রাজ্যের স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরি (এসডিটিএল) বিভিন্ন ওষুধ সংস্থার তৈরি এই ওষুধগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়-এর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ত্রিপুরায় আগরতলায় একটি মাত্র স্টেট ড্রাগস টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। তবে ২০২৪–২৫ অর্থবর্ষে এবং ২০২৫–২৬ অর্থবর্ষের বর্তমান সময় পর্যন্ত রাজ্যে কোনও ভেজাল ওষুধ শনাক্ত হয়নি।

এদিন গোপাল চন্দ্র রায় রাজ্যে মাত্র একটি ল্যাবরেটরি থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিটি জেলায় এমন ল্যাব স্থাপনের দাবি তোলেন। তিনি দেশজুড়ে ভেজাল ওষুধের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তর-পূর্বাঞ্চলও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি স্যালাইন ও ইনজেকশনের মতো জরুরি ওষুধ যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর জবাবে মুখ্যমন্ত্রী জানান, সন্দেহের ভিত্তিতে নিয়মিত পরীক্ষার মাধ্যমে ওষুধের মান যাচাই করা হয়। ত্রিপুরায় শেষবার ভেজাল ওষুধ ধরা পড়েছিল ২০১৩ সালে। তারপর থেকে আর এমন কোনও ঘটনা সামনে আসেনি। তবে নিম্নমানের ওষুধ শনাক্ত হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ২০২৪–২৫ সালে ১৯টি এনএসকিউ মামলা ধরা পড়েছে, আর ২০২৫–২৬ সালে এখনও পর্যন্ত ৪৩টি মামলা নথিভুক্ত হয়েছে।

পরিপূরক প্রশ্নে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ব্ল্যাকলিস্ট করা ও পাইকারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান।

জবাবে মুখ্যমন্ত্রী পুনরায় জানান, ২০১৩ সালের পর থেকে রাজ্যে কোনও ভেজাল ওষুধ ধরা পড়েনি। তবে এনএসকিউ মামলাগুলিতে নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে লাইসেন্স স্থগিতকরণও রয়েছে। তিনি জানান, ১৬টি ক্ষেত্রে স্টে অর্ডার জারি হয়েছে, ৩টি মামলা আদালতে বিচারাধীন এবং ৪০টি ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য রাজ্যের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে।

Leave a Reply