এডিসি নির্বাচনে প্রতিটি আসনে তিপরা মথার কর্মীরাই বিজেপিকে পরাজিত করবে, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ প্রদ্যোতের

আগরতলা, ১৪ মার্চ: এডিসি নির্বাচনে ২৮টি আসনে তিপরা মথার কর্মীরাই বিজেপিকে পরাজিত করবে। তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি কখনোই আপস করবেন না। আজ খুমুলুঙে জনসমাবেশে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোী দেববর্মণ।

তিনি অভিযোগ করেন, বিজেপি, সিপিআই(এম) সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের দোহাই দিয়ে জনজাতিদের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। এর ফলে জনজাতি সমাজ দুর্বল হয়ে পড়ছে। তাই তিনি গোটা জনজাতিদের কাছে একতার সাথে লড়াই করার আবেদন জানিয়েছেন।

এদিন তিনি বলেন, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসন্ন এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মুখ্যমন্ত্রী যেহেতু তিপরা মথার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাহলে আমরাও তা গ্রহণ করলা। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পরই তিপরা মথা নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।

ত্রিপাক্ষিক চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছর ধরে তিনি দিল্লির সঙ্গে লড়াই করছেন চুক্তির বাস্তবায়নের জন্য। তিপ্রাসা জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি কখনোই আপস করবেন না বলেও স্পষ্ট জানান। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তিপরা মথা দলে ফাটল ধরানোর চেষ্টা নয়, বরং তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একসময় ত্রিপুরা ছিল জনজাতিদের ভূমি। ধীরে ধীরে তাদের অনেক কিছুই কেড়ে নেওয়া হয়েছে। আজ নিজেদের অধিকার ফিরে পেতেই তাদের লড়াই করতে হচ্ছে। এডিসি বরাবরই জনজাতিদের অধিকারভুক্ত ছিল, কিন্তু এখন সেই অধিকারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে তিপরা মথা কখনোই এডিসি অন্যের হাতে তুলে দেবে না বলে দৃঢ়ভাবে জানান।

যারা তিপরা মথাকে ভাঙার চেষ্টা করছে তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, নিজের জাতির স্বার্থে তিনি কোনো আপস করবেন না। এতদিন মানুষ তার ভালোবাসা ও সহানুভূতি দেখেছে, এখন সময় এসেছে আন্দোলনের কঠোরতা দেখানোর।

একইসঙ্গে তিনি অতীতের ঘটনাও উল্লেখ করেন। ২০২১ সালে তিপরা মথা ও ত্রিপুরার আদিবাসী প্রগতিশীল ফ্রন্ট-এর মধ্যে সংঘর্ষের ফলে তিপ্রাসা সমাজের ক্ষতি হয়েছিল বলে জানান তিনি। এবারের নির্বাচনে বিজেপি ও তিপরা মথার মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকলেও গোটা জনজাতি সমাজের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজেপির লক্ষ্য বিভাজনের রাজনীতি করা। তবে সেই পথে তিপরা মথা কখনোই হাঁটবে না এবং গরিব তিপ্রাসা মানুষের অধিকার রক্ষার লড়াই তারা চালিয়ে যাবে বলে দাবি করেন তিপরা মথা সুপ্রিমো।

Leave a Reply