স্মার্ট সিটির কাজ করতে গিয়ে গ্যাস পাইপলাইন ফেটে বিপত্তি, আতঙ্ক

আগরতলা, ১৪ মার্চ: স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ায় কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইপলাইন ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখান থেকে গ্যাস বের হতে শুরু করে। হঠাৎ করে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই নিরাপত্তার খাতিরে বাড়িঘর থেকে বেরিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে মেরামতির কাজ শুরু করেন।

এদিকে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের কাজ করার সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করায় এ ধরনের ঘটনা ঘটছে। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply