মন্ত্রী অনিমেষ দেববর্মার বিজেপিতে যোগদানের বিষয় সম্পূর্ণ গুজব, অযথা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ মার্চ : মন্ত্রী অনিমেষ দেববর্মার বিজেপিতে যোগদানের বিষয়টি সম্পূর্ণ গুজব। ভিত্তিহীন এই খবর নিয়ে অযথা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের কোর কমিটির বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনিমেষ দেববর্মা ও তিপরা মথার কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন এমন খবর আমি সংবাদমাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমার মনে হয় এগুলো গুজব।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টা ধরে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে তিপরা মথা দলে ভাঙন দেখা দিতে পারে এবং বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ সাতজন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়, অনিমেষ দেববর্মাকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। এ ধরনের খবরকে ভিত্তিহীন বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিকে, এদিন দলের কোর কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিজেপি নেতা রাজদীপ রায়। বৈঠকে মূলত আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, দলের সাধারণ সম্পাদক ভগবান দাস ও বিপিন দেববর্মা। এছাড়াও দলের সহ-সভাপতি রেবতী ত্রিপুরা সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে।

Leave a Reply