পানীয় জলের সংকটে সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ১১ মার্চ: ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা–ছাওমনু বাকছড়া সড়কে বুধবার সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত পাঁচ দিন ধরে এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। নল থাকলেও জল না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সড়কের সংস্কারের কাজ চলাকালীন অসাবধানতাবশত পানীয় জলের পাইপলাইন কেটে যায়। সেই ঘটনার পর থেকেই এলাকায় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও দীর্ঘ পাঁচ দিন পেরিয়ে গেলেও পাইপলাইন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর জেরেই ক্ষুব্ধ এলাকাবাসী আজ সকালে ছৈলেংটা–ছাওমনু বাকছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত পাইপলাইন মেরামত করে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ চালু করতে হবে।

Leave a Reply