ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, গুরুতর আহত যুবক

বিলোনিয়া, ১০ মার্চ : ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার করে এক যুবক। আজ সকালে বিলোনিয়া থানাধীন বাহাদুরপাড়া (মনুরমুখ) এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ বিলোনিয়া থানাধীন বাহাদুরপাড়া (মনুরমুখ) এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম সাধন ধর (৩৩)। তিনি উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দা। বিলোনিয়া থেকে শান্তিরবাজার হয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়া একটি ডেমু ট্রেনের সামনে আচমকা ঝাঁপ দেন সাধন ধর। ট্রেনের ধাক্কায় তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আশ্চর্যজনকভাবে তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন এবং বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই আত্মহত্যার চেষ্টার পেছনে সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা জল্পনা তৈরি হয়েছে। পরিবারের সদস্যরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও হতবাক।

Leave a Reply