জাতীয় সড়কের নামে জায়গা দখলের অভিযোগ, অতিরিক্ত জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ

তেলিয়ামুড়া, ১০ মার্চ : জাতীয় সড়ক সম্প্রসারণের নামে মোহরছড়া এলাকার এক ব্যক্তির জমি বলপূর্বক বুলডোজার দিয়ে দখল করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া এলাকার বাসিন্দা শ্যামল গোপের জমির একটি অংশ কোনও ধরনের সরকারি নোটিশ ছাড়াই মহকুমা শাসকের নেতৃত্বে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ওই সময় জমির মালিক শ্যামল গোপ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পরে তিনি তেলিয়ামুড়া মহকুমা শাসকের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। অভিযোগ, তখন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী জানান, সরকারি মানচিত্র অনুযায়ী ওই জমিটি জাতীয় সড়কের অন্তর্ভুক্ত। তবে শ্যামল গোপ দাবি করেন, সংশ্লিষ্ট জমিটি তাঁর রায়তি জুতের অন্তর্গত। এ নিয়ে কথোপকথনের সময় তাঁকে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে নিজের জমির সঠিক সীমানা নির্ধারণের জন্য প্রশাসনের কাছে আবেদন করেন শ্যামল গোপ। অভিযোগ, গত ৬ মার্চ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে সরকারি ভাবে জমির সীমানা নির্ধারণ করে ফিলারিংও করা হয়। কিন্তু এরপর আবার মহকুমা শাসকের অধীনস্থ ডেপুটি কালেক্টর হরিপদ সরকার তাঁকে জানিয়েছেন, পুনরায় জমিটির সীমানা নির্ধারণ করা হবে।

এই পরিস্থিতিতে ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ অতিরিক্ত জেলাশাসক অবদানন্দ বৈদ্যের কাছে পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্যামল গোপ। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply