নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ: মেলাঘর পুর পরিষদে সোমবার এক নজিরবিহীন ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, শাসকদলেরই চার কাউন্সিলর পুর পরিষদের চেয়ারপার্সন, ভাইস-চেয়ারপার্সন সহ চারজনের অফিস ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সুবিধাভোগী নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধের জেরেই এই ঘটনা ঘটে। অভিযোগ, এক সুবিধাভোগী প্রয়োজনীয় স্বাক্ষর নেওয়ার জন্য বারবার চেয়ারপার্সনের কাছে গেলেও তিনি স্বাক্ষর দেননি। অপরদিকে, পছন্দের ব্যক্তিদের সুবিধাভোগী হিসেবে নির্বাচনের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানাতে গিয়েই কাউন্সিলররা এ ধরনের পদক্ষেপ নেন বলে জানা গেছে।
চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন সহ অন্যান্যদের অফিসে তালা লাগানোর খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। অনেকের মতে, এই ঘটনা শাসকদলের অভ্যন্তরে মতবিরোধ যে ক্রমেই তীব্র আকার ধারণ করছে তারই ইঙ্গিত বহন করছে।
এদিকে, স্বজনপোষণ বন্ধ করে প্রকৃত সুবিধাভোগীদের সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে স্থানীয় মানুষের তরফ থেকেও জোরালো দাবি উঠেছে।

