নয়াদিল্লি, ৭ মার্চ: ‘চিপস টু স্টার্টআপস’ (সি২এস) উদ্যোগের অধীনে ৮৫ হাজার সেমিকন্ডাক্টর ডিজাইন ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারত। শনিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি জানান, সেমিকন্ডাক্টর ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কেন্দ্র সরকার বিশেষ জোর দিচ্ছে। এই কর্মসূচি ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (আইএসএম)-এর অংশ, যার লক্ষ্য প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মী তৈরির মাধ্যমে দেশের উদীয়মান চিপ শিল্পের জন্য শক্তিশালী ট্যালেন্ট পুল তৈরি করা।
মন্ত্রী বলেন, ১০ বছরের সি২এস কর্মসূচির প্রথম চার বছরেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বৈষ্ণব জানান, বিশ্বমানের ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) টুল ইতিমধ্যেই দেশের ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে উপলব্ধ করা হয়েছে। এই টুল সরবরাহ করেছে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা যেমন সিনোপসিস, ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস, সিমেন্স, রেনেসাস ইলেকট্রনিক্স, অ্যানসিস এবং এএমডি।
এই টুলের মাধ্যমে শিক্ষার্থীরা সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারছেন বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা যে চিপ ডিজাইন করছে সেগুলি সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি, মোহালি-তে তৈরি ও পরীক্ষা করা হচ্ছে। ফলে ডিজাইন থেকে শুরু করে ফ্যাব্রিকেশন, প্যাকেজিং এবং টেস্টিং—পুরো প্রক্রিয়ার হাতে-কলমে অভিজ্ঞতা পাচ্ছে শিক্ষার্থীরা।
তিনি জানান, এই উদ্যোগ এখন বিশ্বের বৃহত্তম ওপেন-অ্যাক্সেস ইডিএ প্রোগ্রামে পরিণত হয়েছে। ইতিমধ্যেই চিপ ডিজাইন প্রশিক্ষণের জন্য ১.৮৫ কোটির বেশি ঘণ্টা ইডিএ টুল ব্যবহারের রেকর্ড হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান—আসাম থেকে গুজরাট এবং জম্মু ও কাশ্মীর থেকে তামিলনাড়ু—এখন সেমিকন্ডাক্টর ডিজাইন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বলেও জানান তিনি।
বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার কথাও তুলে ধরেন বৈষ্ণব। তাঁর মতে, বর্তমানে ৮০০–৯০০ বিলিয়ন ডলারের এই শিল্প ভবিষ্যতে প্রায় ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এর ফলে বিশ্বজুড়ে প্রায় ২০ লক্ষ দক্ষ পেশাদারের চাহিদা তৈরি হবে এবং ভারতের তরুণদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, ‘ভারত সেমিকন্ডাক্টর মিশন’ ২.০’-এর অধীনে এই কর্মসূচি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়িয়ে ৫০০টিতে সম্প্রসারিত করা হবে। এর ফলে দেশের সব রাজ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ফ্যাব্রিকেশন, প্যাকেজিং ও টেস্টিং ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরির প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

