ধর্মনগর ৫৬ বিধানসভা উপনির্বাচন ঘিরে বিজেপির শক্তি প্রদর্শন, প্রার্থী নিয়ে জোর জল্পনা

ধর্মনগর, ৭ মার্চ: ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে সরব হয়ে উঠল ভারতীয় জনতা পার্টি। বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ‘যুব শঙ্খনাথ’ কর্মসূচির মাধ্যমে ধর্মনগরে দলীয় শক্তি প্রদর্শনের পাশাপাশি উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তাও তুলে ধরা হয়।

উল্লেখ্য, ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তাঁর উত্তরসূরি হিসেবে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই দলীয় অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল ও উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে।

যুব শঙ্খনাথ কর্মসূচিতে বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, মন্ত্রী, বিধায়কসহ দলের বহু নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এই মঞ্চ থেকে বিরোধী দল সিপিএম ও কংগ্রেসকে কটাক্ষ করে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি আসন্ন উপনির্বাচনে ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রে পুনরায় বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বানও জানানো হয়।

অন্যদিকে প্রার্থী নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে অবসরপ্রাপ্ত কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে। তবে ধর্মনগরের অনেক বাসিন্দার মত, এই কেন্দ্র থেকে এমন কাউকেই প্রার্থী করা উচিত যিনি স্থানীয় এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৪০ থেকে ৪২ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘুরে বেড়াচ্ছে। অনেক নবীন নেতা যেমন নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরছেন, তেমনি পুরপরিষদের কয়েকজন কাউন্সিলরও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি বিজেপি সরকারের সময়ে উঠে আসা কিছু প্রাক্তন আমলা ও ঠিকাদারের নামও আলোচনায় রয়েছে।

সব মিলিয়ে ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এখন শেষ পর্যন্ত বিজেপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে, সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগরের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।

Leave a Reply