সংযুক্ত আরব আমিরাতে আটকে মহারাষ্ট্রবাসীদের হেল্পলাইনে যোগাযোগের আর্জি মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ৪ মার্চ (আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে থাকা মহারাষ্ট্রের নাগরিকদের সরকারি হেল্পলাইনে যোগাযোগ করার এবং কেবলমাত্র ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটের অনুমোদিত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অনুসরণ করার আর্জি জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মঙ্গলবার গভীর রাতে জারি করা এক বার্তায় তিনি জানান, আবুধাবিতে ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ে ভারতীয় কনস্যুলেট ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিদেশ মন্ত্রক পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজরদারি চালাচ্ছে বলেও দূতাবাসের তরফে জানানো হয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) এক্স-এ পোস্ট করে জানায়, ইউএই-তে আটকে থাকা মহারাষ্ট্রের নাগরিকদের আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট-এর অনুমোদিত হ্যান্ডেল থেকেই আপডেট অনুসরণ করতে হবে। প্রয়োজনে টোল-ফ্রি নম্বর ৮০০-৪৬৩৪-এ যোগাযোগ করা যাবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ নম্বর +৯৭১৫৪৩০৯০৫৭১ এবং ইমেল আইডি pbsk.dubai@mea.gov.in ও ca.abudhabi@mea.gov.in-এও যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া দুবাইয়ের ইন্ডিয়ান পিপলস ফোরামের সহযোগিতায় মহারাষ্ট্র সরকার একটি হোয়াটসঅ্যাপ নম্বর (+৯৭১৫০ ৩৬৫ ৪৩৫৭) প্রকাশ করেছে। সহায়তা প্রয়োজন হলে ওই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক্স-এ পোস্ট করে জানান, দুবাইয়ে আটকে থাকা মহারাষ্ট্রের বহু নাগরিককে দেশে ফেরাতে সফল হয়েছে শিবসেনা। ফুজাইরাহ বিমানবন্দর থেকে রওনা দেওয়া যাত্রীরা মঙ্গলবার রাতে নিরাপদে মুম্বইয়ে পৌঁছেছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সহযোগিতাতেই এই ‘ঘরে ফেরা’ সম্ভব হয়েছে।

শিন্ডে আরও বলেন, সংকটে আটকে পড়া মহারাষ্ট্রের নাগরিক এবং তাঁদের পরিবারকে স্বস্তি দিতে পেরে তিনি সন্তুষ্ট ও আনন্দিত।

Leave a Reply