বিশালগড়, 2 মার্চ: বিশালগড় বাইপাস থেকে চড়িলাম বাজার পর্যন্ত রীতিমতো ধাওয়া পাল্টা ধাওয়ার পর দিনের আলোয় ফেন্সিডিল বোঝাই একটি গাড়ি লুটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, টিআর০১- ডি – ৩৮৪৪ নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে সোনামুড়ার রশিদের প্রায় ১৫ লক্ষ টাকার ফেন্সিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, বিশালগড়ের ভুট্টু গ্যাং বাইপাস এলাকায় রাস্তার মাঝে দুটি গাড়ি দাঁড় করিয়ে সেটিকে আটকানোর চেষ্টা করে তবে ফেন্সিডিল বোঝাই গাড়িটি একাধিক গাড়িকে ধাক্কা মেরে দ্রুত পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা পেছন থেকে ধাওয়া করে। পরে চড়িলাম বাজারে গাড়িটি আটক করে প্রায় সম্পূর্ণ মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ। এসময় গাড়ির চালককে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়।
ছিনতাইকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারজুড়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেকেই প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর সহ বিশালগড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর সময় স্থানীয় বাসিন্দারা এক অভিযুক্তকে ধরে ফেলে। ধৃতের নাম সুমিত সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনায় ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করে।
অন্যদিকে বিশালগড় বাইপাস এলাকায় ধাওয়ার সময় ফেন্সিডিল বোঝাই গাড়ির ধাক্কায় একটি টমটম উল্টে যায়। এতে চালক ও সহচালক গুরুতর আহত হন। তাঁদের বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রশ্ন উঠছে দিনের আলোয় বিশালগড় বাইপাস দিয়ে ফেন্সিডিল বোঝাই গাড়ি যাতায়াতের সময় ট্রাফিক পুলিশ ও থানার গাড়ি এলাকায় থাকা সত্ত্বেও কেন আগেই পদক্ষেপ নেওয়া হয়নি। পুরো ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

