কমলপুরের মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুই বছর ধরে বিকল টিউবওয়েল, বিশুদ্ধ জলের সংকটে শিশুদের স্বাস্থ্যঝুঁকি

আগরতলা, ১ মার্চ: কমলপুর মহকুমার মোহনপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যার জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু ও কর্মীরা। অভিযোগ, সালেমা আইসিডিএস দপ্তরের সিডিপিও-র উদাসীনতার কারণে গত প্রায় দুই বছর ধরে কেন্দ্রের একমাত্র টিউবওয়েলটি বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে ছোট ছোট শিশুদের।

স্থানীয় অভিভাবক মহলের অভিযোগ, শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি পরিষেবার জন্য নির্মিত এই কেন্দ্রটিতে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। অথচ বিকল টিউবওয়েল মেরামত কিংবা নতুন টিউবওয়েল বসানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

মোহনপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি জানান, সালেমা সিডিপিও-র কাছে লিখিতভাবে পানীয় জলের সমস্যা-সহ অন্যান্য পরিকাঠামোগত অসুবিধার কথা জানানো হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমস্যার কোনও সুরাহা হয়নি।

এখানেই শেষ নয়, কেন্দ্রটির চারপাশে নেই কোনও বাউন্ডারি ওয়াল। ফলে রাস্তার ধারে অবস্থিত এই কেন্দ্রটিতে যে কোনও সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

Leave a Reply