মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত

তেহরান, ১ মার্চ (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রবিবার ইরানের ফার্স নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, হামলায় খামেনির চার আত্মীয়ও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তাঁর মেয়ে, নাতি এবং জামাই রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করে দাবি করেন, যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হয়েছেন এবং এটিকে তিনি ইরানের জনগণের জন্য “দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের সর্ববৃহৎ সুযোগ” বলে আখ্যা দেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইতিহাসের অন্যতম ভয়ংকর ব্যক্তি খামেনি মৃত। তিনি এটিকে “ইরানের জনগণের জন্য ন্যায়বিচার” বলেও উল্লেখ করেন। পাশাপাশি দাবি করেন, অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়েই এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসসহ সামরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্য আর লড়াই করতে চাইছে না এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে দায়মুক্তি চাইছে। ট্রাম্প সতর্ক করে বলেন, এখন তারা দায়মুক্তি পেতে পারে, পরে শুধু মৃত্যু অপেক্ষা করবে।

ট্রাম্পের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, খামেনি আর জীবিত নেই, এমন বহু ইঙ্গিত রয়েছে। যদিও তিনি সরাসরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। তিনি জানান, খামেনির বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এই দাবিগুলোর বিষয়ে এখনও স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply