কদমতলা–কুর্তিতে কংগ্রেস পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ ১৩ জনের বিজেপিতে যোগদান

আগরতলা, ১ মার্চ: কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য শাহাবুদ্দিন-সহ মোট ১৩ জন ভোটার আনুষ্ঠানিকভাবে শাসক দল বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদানের ফলে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাঘন গ্রাম পঞ্চায়েত বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে যায়। সেই প্রেক্ষাপটে কংগ্রেসের নির্বাচিত সদস্যের দলবদল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার দুপুরে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাবুদ্দিনের বাসভবনে বিজেপির এক যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে শাহাবুদ্দিন-সহ তাঁর পরিবারের সদস্যরা এবং মোট ১৩ জন ভোটার বিজেপির পতাকা হাতে তুলে নেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও অনেকে বিজেপিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এই যোগদানের ফলে কদমতলা–কুর্তি বিধানসভা কেন্দ্রের বাঘন গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply