আগরতলা, ২৮ ফেরুয়ারী: ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুসারে ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার) তারিখে ০১.০১.২০২৬ কে ভিত্তিবর্ষ ধরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকার প্রতিলিপি ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত সমস্ত মনোনীত স্থানে অর্থাৎ ৫৫টি ভোটগ্রহণ কেন্দ্রে, তহশিল অফিসে, জেলা নির্বাচন আধিকারিক (জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর), উত্তর ত্রিপুরা, অফিসে এবং নির্বাচন নিবন্ধন আধিকারিক (মহকুমা শাসক), ধর্মনগর এর অফিসে পাওয়া যাবে। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক-এর ওয়েবসাইটেও চূড়ান্ত ভোটার তালিকার প্রতিলিপি পাওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ৫৬-ধর্মনগর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের মোট ভোটারের সংখ্যা ৪৬, ১৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন। চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সার্ভিস ভোটার রয়েছেন ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৮ এবং মহিলা ভোটার ৩ জন। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এক প্রেস নোটে এই সংবাদ জানানো হয়েছে।
2026-02-28

