আগরতলা, ২১ ফেব্রুয়ারী: ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম (জেডিএফ) ব্যাংকের সুষ্ঠু কর্মপরিবেশ, স্বচ্ছ বদলি নীতি সহ ১০ দফা দাবিতে আজl ব্যাংকের সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাঁদের হুশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৬ মার্চ রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটে সামিল হবেন কর্মীরা।
সংগঠনের কর্মীদের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষের কাছে বিষয়গুলি উত্থাপন করা হলেও অধিকাংশ দাবি এখনও অমীমাংসিত রয়ে গেছে। পূর্বে ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু বিষয়ে নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর অতিক্রান্ত হলেও সেই আশ্বাস বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি সংগঠনের।
উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে রয়েছে, কর্মীদের জন্য সুস্থ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং মৌখিক ভীতি প্রদর্শন, অযৌক্তিক চাপ ও জবরদস্তিমূলক আচরণ বন্ধ করা, নবম জয়েন্ট নোট/দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তি ও নাবার্ডের নির্দেশিকা অনুযায়ী বকেয়া সকল সুবিধা অবিলম্বে কার্যকর করা, পেট্রোল/জ্বালানি ও অন্যান্য ভাতা স্পনসর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমপর্যায়ে উন্নীত করা, স্বচ্ছ ও মানবিক বদলি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন—বিশেষত আন্তঃঅঞ্চল বদলি ন্যূনতম রাখা, নারী কর্মীদের নিরাপত্তা ও নিকটবর্তী স্থানে পোস্টিং নিশ্চিত করা এবং চিকিৎসাজনিত কারণকে সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা সহ একাধিক রয়েছে।
তাঁদের হুশিয়ারী, দাবি মানা না হলে দ্বিতীয় দফার আন্দোলন শুরু হবে এবং ১৬ মার্চের রাজ্যব্যাপী ধর্মঘট ব্যাংকের স্বাভাবিক পরিষেবায় প্রভাব ফেলতে পারে।

