তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে সহজ- সরল জনজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: ত্রিপুরায় তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে সহজ- সরল জনজাতিদের বিভ্রান্ত করা হচ্ছে। আজ উনকোটি জেলার ডেমডুমে এক সুবিশাল জনজাতি সমাবেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, এ রাজ্যে কখনো তিপ্রাল্যান্ড তো কখনো গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে সহজ-সরল জনজাতি ভাইবোনদের বিভ্রান্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, এডিসির ক্ষমতায় বসে উন্নয়নকে প্রহসনে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে কখনো গাড়িতে আক্রমণ, কখনো বাড়িতে আক্রমণ, কখনো পতাকা ফেলে দিয়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি করে সরকারকে আটকানোর অপচেষ্টা চলছে।

তিনি আরও দাবি করেন, এই ধরনের কার্যকলাপ রাজ্যের শান্তি ও সামাজিক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply