কাঞ্চনপুর, ১৪ ফেব্রুয়ারি: অতীতে আইপিএফটি -র ‘তিপ্রা ল্যান্ড’ এবং বর্তমানে তিপ্রা মথার ‘গ্রেটার তিপ্রা ল্যান্ড’ কোনোটাই হবে না, জনগণ বুঝে গেছেন, যদি কিছু হয় সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সম্ভব। আজ কাঞ্চনপুরে এক যোগদান সভায় এমনটাই বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর দাবি, এ ধরনের দাবির সঙ্গে জনজাতি সমাজের প্রকৃত
উন্নয়নের কোনও সম্পর্ক নেই।
শনিবার বিজেপি কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে গছিরামপাড়া মোটর স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনজাতি যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বিজেপি সরকারই জনজাতিদের সার্বিক ও স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম।
সভায় দাবি করা হয়, গছিরামপাড়া এলাকার মোট ৩১৯টি পরিবারের ৭০৮ জন জনজাতি ভোটার আইপিএফটি এবং তিপ্রা মথা ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। নতুনভাবে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান দলের নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, কাঞ্চনপুর বিজেপি মন্ডল সম্পাদক বিমানজয় রিয়াং, সভাপতি বীরেন্দ্র কর এবং এমডিসি তথা প্রদেশ সম্পাদক ভূমিকানন্দ রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।
সভা শেষে দলীয় নেতারা জানান, আগামী দিনেও এ ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জনজাতি অধ্যুষিত এলাকায় সাংগঠনিক শক্তি আরও বাড়ানো হবে।

