আগরতলা, ১২ ফেব্রুয়ারি: আজ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সকালে জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ, ওই মিছিলে অংশ নেওয়ার অপরাধে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা যুব নেতা বাবুল দেবনাথের ওপর অতর্কিতে হামলা চালায়। তাতে গুরুতর আহত হয়েছে তিনি। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।
জানা গিয়েছে, জিরানীয়া মহকুমার শচীন্দ্রনগর এলাকায় নিজের বাড়িতে প্রবেশ করার সময় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা যুব নেতা বাবুল দেবনাথের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় বিপ্লব দেবনাথকে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত আগরতলার জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, জিবি হাসপাতালে আহত যুব নেতাকে ভর্তি করার খবর পেয়ে সিআইটিইউ রাজ্য সম্পাদক তপন দাস সেখানে পৌঁছে আহত কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।
বর্তমানে বিপ্লব দেবনাথ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

