আগরতলা, ১২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে পিকেটিং ও মিছিল করতে দেখা যায় বাম সমর্থকদের। সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় বামপন্থী নেতাকর্মীরা বনধের সমর্থনে রাস্তায় নামেন। তবে প্রশাসনের তরফে সক্রিয়ভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়।
খোয়াই জেলায় ধর্মঘটের সমর্থনে সকাল থেকেই বিভিন্ন স্থানে বামপন্থী নেতাকর্মীরা মিছিল বের করেন এবং পিকেটিংয়ের চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলের পথরোধ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন বাম নেতৃত্ব ও কর্মীকে আটক করা হয়। তাদের খোয়াই পুরাতন টাউন হলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
একই ধরনের চিত্র দেখা যায় বিলোনিয়া ও কাঠালিয়াতেও। সেখানেও বনধের সমর্থনে পিকেটিং করতে গেলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। কিছুক্ষণের মধ্যেই আন্দোলনকারীদের আটক করে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বাম নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি বাধা অযৌক্তিক। সব মিলিয়ে ধর্মঘট ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা থাকলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

