নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণ খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। একই সঙ্গে তিনি রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ পর্যালোচনারও আবেদন করেছেন।
অধ্যক্ষকে লেখা চিঠিতে দুবে অভিযোগ করেছেন, রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড নৈতিকতার পরিপন্থী এবং তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে ১১ ফেব্রুয়ারি লোকসভায় দেওয়া এক ভাষণের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, প্রতিরক্ষা বিষয়ক মন্তব্য এবং প্রাক্তন সেনাপ্রধানকে ঘিরে করা বক্তব্য সশস্ত্র বাহিনীর মর্যাদায় আঘাত হানতে পারে।
চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, রাহুল গান্ধী বিভিন্ন সরকারি দফতর, কর্পোরেট সংস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রমাণ ছাড়া অভিযোগ তুলেছেন। পাশাপাশি তাঁর ঘন ঘন বিদেশ সফর নিয়েও স্বচ্ছতার দাবি জানিয়েছেন দুবে।
বিষয়টি নিয়ে একটি কাঠামোবদ্ধ তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়ে বিজেপি সাংসদ বলেন, প্রয়োজন হলে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।

