ঢাকা, ১২ ফেব্রুয়ারি : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, আজ থেকে আমরা প্রতিটি স্তরে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আজকের দিনটিকে জন্মদিনের মতো উদ্যাপন করি। সবাই উদ্যাপন করুন এবং অবশ্যই ভোট দিন। প্রার্থীদের জন্য ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। গণভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানাই, যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি।
তিনি আরও বলেন, আজ সারা বাংলাদেশের জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের সমাপ্তি, নতুন স্বপ্নের সূচনা। সবাইকে আমার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং অন্যান্য ভোটারের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

