আগরতলা, ১১ ফেব্রুয়ারি: কৈলাসহরের তিলকপুর এলাকায় গভীর রাতে বনদপ্তরের অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে নাইট পেট্রলিং চলাকালীন পাচারকারীদের ছক ভেস্তে দেন বনদপ্তরের কর্মীরা। অভিযানে কাঠবোঝাই একটি গাড়ি আটক করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, আটক করা গাড়িটি থেকে প্রায় দুই কুইন্টাল অবৈধ কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া কাঠের মধ্যে রয়েছে মূল্যবান রাঙ্গাই ও সেগুন কাঠ, যা কোনো বৈধ নথিপত্র ছাড়াই পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। অভিযানের সময় বনদপ্তরের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক। তবে গাড়িটি ও কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং পালাতক চালককে চিহ্নিত করতে তৎপরতা শুরু হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
এই বিষয়ে এসডিএফও শুভম দাস জানান, অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বনদপ্তরের অভিযান আরও জোরদার করা হবে এবং এই ধরনের বেআইনি কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

