রাতের আঁধারে কালিবাড়িতে চুরি, প্রণামী বাক্স ভেঙে নগদ ও অলংকার লুট

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: আমতলী থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ডুকলী বনকুমারি কালিবাড়ি মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে প্রতিদিনের মতো পুজো দিতে মন্দিরে প্রবেশ করেন পুরোহিত। তখনই তিনি দেখতে পান মন্দিরের প্রণামী বাক্স ভাঙা এবং দেবী কালীর পরিহিত অলংকার উধাও। পাশাপাশি প্রণামী বাক্সে থাকা নগদ টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়।

ঘটনাটি নজরে আসতেই পুরোহিত দ্রুত এলাকাবাসীকে বিষয়টি জানান। এরপর খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্দির চত্বর পরিদর্শন করে এবং পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মন্দিরের আশপাশের এলাকা খুঁটিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসীদের অভিযোগ, থানার একেবারে কাছাকাছি এলাকায় মন্দিরে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাঁদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Leave a Reply