ভগ্নদশায় বিদ্যালয়ের সিলিং, বড় দুর্ঘটনার আশঙ্কা, সংস্কারের দাবি

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: এডিসি বিশ্রামগঞ্জ আইএএস-এর অধীন বাঁশতলী ভিলেজের জোরতলী জেবি স্কুলে ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ের জ্বলন্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন প্রধান শিক্ষক উত্তম কুমার দেববর্মা, শিক্ষিকা শান্তি রানী ত্রিপুরা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।

সংবাদ মাধ্যমের সামনে তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টি চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এদিন সংবাদমাধ্যমের দ্বারস্থ হন।

শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, বিদ্যালয়ের সিলিং বর্তমানে ভগ্নদশায় রয়েছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা চললেও কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে সিলিং দিয়ে জল পড়ে, যার ফলে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে যেকোনো সময় সিলিং ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে, যা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে অবিলম্বে বিদ্যালয়ের সিলিং মেরামত সহ প্রয়োজনীয় সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। তাদের আবেদন, শিশুদের নিরাপদ ও সুস্থ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply