দিল্লির বায়ু মান ‘খারাপ’ স্তরেই; তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বদলাচ্ছে আবহাওয়া

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : মঙ্গলবার সকালেও দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ু মান ‘খারাপ’ শ্রেণিতেই রয়ে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ(সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, এদিন সকালে দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বেড়ে দাঁড়ায় ২৬৭। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসেই অস্বাভাবিক উষ্ণতা অনুভব করছেন বাসিন্দারা, যা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সিপিসিবি-এর তথ্য অনুযায়ী, রাজধানীর একাধিক এলাকায় বায়ু মান ‘অতি খারাপ’ স্তরে পৌঁছেছে। আনন্দ বিহারে একিউআই ছিল ৩১৭, অশোক বিহার ৩২৮, বাওয়ানা ৩৩৩, চাঁদনি চকে ২৯১, ডিটিইউ ২৮৩, দ্বারকা সেক্টর-৮-এ ২৫২, আইআইটি দিল্লিতে ২২৮, আইটিও-তে ২৭৭, জাহাঙ্গিরপুরিতে ৩১৪, মুন্ডকায় ৩৫৭, নরেলায় ৩৪৪, নর্থ ক্যাম্পাসে ২৩৪, রোহিণীতে ৩৩৫, ওয়াজিরপুরে ৩৩৯ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (টি-৩)-এ একিউআই ছিল ১৯২।

পার্শ্ববর্তী নয়ডাতেও বায়ু মান খারাপ অবস্থায় রয়েছে। নয়ডা সেক্টর-১২৫-এ একিউআই রেকর্ড করা হয়েছে ৩০৭, সেক্টর-৬২-এ ২২৪, সেক্টর-১-এ ২৩৬ এবং সেক্টর-১১৬-এ ২৬৩। একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘অতি খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ ‘গুরুতর’ হিসেবে ধরা হয়।

এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

১১ ফেব্রুয়ারি দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১২ ফেব্রুয়ারিতেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস, তখন তাপমাত্রা ২৩ থেকে ১১ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ১৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা।

সপ্তাহান্তের দিকে উষ্ণতা আরও বাড়তে পারে। ১৪ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ১৫ ফেব্রুয়ারি দিনে তাপমাত্রা ২৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং রাতের তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। এই সময় জুড়েই সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং এখনও পর্যন্ত কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। শুধুমাত্র পার্বত্য এলাকায় সীমিত বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হালকা তুষারপাত হতে পারে।

দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশে আকাশ মূলত পরিষ্কার থাকবে, যদিও উঁচু স্তরে পাতলা মেঘ দেখা যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের তরাই অঞ্চলের কিছু বিচ্ছিন্ন এলাকায় খুব হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম।

Leave a Reply