আগরতলা, ৯ ফেব্রুয়ারি: রামনগর ১ নম্বর রোডে কভার ড্রেন নির্মাণের কাজ চলাকালীন গাছ ভেঙে পড়ে গুরুতর বিপত্তির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একটি দোকান ও একটি বাড়ির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
ঘটনার বিবরণে জানা যায়, গোটা আগরতলা শহরের সঙ্গে তাল মিলিয়ে রামনগর এলাকাতেও উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রামনগর এলাকায় কভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। তবে অভিযোগ, ড্রেন নির্মাণের সময় ড্রেনের উপর থাকা বড় বড় গাছ কাটার বিষয়ে কোনও আগাম ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা।
ফলে ড্রেন কাটার সময় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির দোকানের উপর। এতে দোকানটি প্রায় সম্পূর্ণ ভেঙে যায়। পাশাপাশি, ওই গাছের একটি অংশ বাড়ির ভেতরে থাকা পানির ট্যাংকের উপর পড়ায় সেটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার ঠিকাদারদের সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায়। যার ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটে। গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং এলাকায় বেশ কিছু সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এলাকাবাসীদের দাবি, ভবিষ্যতে রাস্তা বা ড্রেন কাটার আগে সমস্ত দিক বিবেচনা করে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই কাজ করা উচিত।
ঘটনার খবর পেয়ে মেয়র দীপক মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের এলাকাবাসীর সঙ্গে সমন্বয় বজায় রেখে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উন্নয়নমূলক কাজ পরিচালনার নির্দেশ দেন।

