সিধাই–মোহনপুরে পুলিশের বড়সড় অভিযান, ৩০ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: সিধাই থানাধীন সিধাই–মোহনপুরের নওয়াগাঁও এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে। শুক্রবার পরিচালিত এই অভিযানে মোট ১১টি পৃথক প্লট থেকে প্রায় ৩০ হাজার গাঁজা গাছ কেটে ফেলা হয়। পরে কাটা গাছগুলিতে আগুন লাগিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়।

পশ্চিম জেলার পুলিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের পাশাপাশি সিআরপিএফ ও বিএসএফ-এর জওয়ানরাও সক্রিয়ভাবে অংশ নেন। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা চাষের গোপন খবর পুলিশের কাছে ছিল বলে সূত্রের খবর। সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে প্রশাসন। ভবিষ্যতেও এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply