মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় সুবিধাভোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন মন্ত্রী টিংকু রায়

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: অন্ত্যোদয় পরিবারের ১৮ বছর পূর্ণ যে সকল কন্যার বিবাহ নির্ধারিত হয়েছে, তাদের জন্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য কন্যারা নির্ধারিত বয়সের প্রমাণপত্র (আধার কার্ড অথবা বিদ্যালয়ের সার্টিফিকেট) ও ব্যাঙ্ক একাউন্ট নম্বর সহ পঞ্চায়েত, সি.ডি.পি.ও. অথবা এস.ডি.এম. অফিসে আবেদন করতে পারেন। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীদের বিবাহের প্রাক্কালে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আজ গোলধারপুর গ্রামে এই প্রকল্পের আওতায় এক সুবিধাভোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী টিংকু রায়। গোলধারপুর গ্রামের বাসিন্দা মিলি সিনহা বিবাহের প্রাক্কালে ৫০,০০০ টাকার আর্থিক সহায়তা লাভ করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, এই আর্থিক সহায়তা দরিদ্র পরিবারের কন্যাদের বিবাহের ক্ষেত্রে বড় সহায়ক ভূমিকা পালন করছে। এর জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী টিংকু রায় আরও জানান, সমাজের প্রতিটি যোগ্য পরিবার যাতে এই প্রকল্পের সুবিধা পায়, সেই লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি এলাকার অন্যান্য যোগ্য পরিবারগুলোকেও এগিয়ে এসে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার সুবিধা গ্রহণের জন্য আবেদন জানানোর আহ্বান জানান।

Leave a Reply