সোনামুড়া, ৯ ফেব্রুয়ারি: মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ ও বিএসএফ। সোনামুড়া থানার পুলিশ ও ৮১ ব্যাটালিয়ন বিএসএফ-এর যৌথ অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ধৃতের কাছ থেকে মোট ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধৃত মাদক কারবারির নাম আক্তার হোসেন (২৮)। সে সোনামুড়া থানা এলাকার অন্তর্গত কুলুবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম প্রয়াত সুন্দর আলি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদক পাচারের উদ্দেশ্যেই মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার রুখতে ভবিষ্যতেও পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

