আগরতলা, ৮ ফেব্রুয়ারি: বিকল্প ব্যবস্থা ছাড়াই বাম আমলে হকারদের উচ্ছেদ করা হয়েছিল। হাস্যকর ব্যাপার আজ তাঁরাই হকার উচ্ছেদ অভিযান নিয়ে কথা বলছেন আজ পুর নিগমের উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, হকারদের যেমন ব্যবসার প্রয়োজন রয়েছে, তেমনি সাধারণ মানুষেরও ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচলের অধিকার আছে। এই দু’টি বিষয়কে সমান গুরুত্ব দিয়েই আগরতলা পুর নিগমের তরফে বিকল্প ব্যবস্থা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে অবৈধভাবে পুর নিগম এলাকায় হকারদের বসতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই একই সরকারের আমলেই কোনও বিকল্প ব্যবস্থা ছাড়াই তাঁদের উচ্ছেদ করা হয়। আজ ক্ষমতায় ফেরার জন্য বিরোধীরা এই বিষয় নিয়ে নাটক করছে বলেও তিনি মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার আইন মেনে এবং মানবিক দৃষ্টিভঙ্গি রেখে সমস্যার সমাধান করতে চায়, যাতে হকারদের জীবিকা যেমন সুরক্ষিত থাকে, তেমনি শহরের স্বাভাবিক চলাচলও বজায় থাকে।

