আগরতলা, ৮ ফেব্রুয়ারী : বিকল্প ব্যবস্থা ছাড়া হকারদের উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে যেভাবে পুর নিগম উচ্ছেদ অভিযান চালাচ্ছে তা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সকলেই গরিব নিম্নবিত্ত পরিবারের সদস্য। দিনমজুরি কিংবা ছোটখাটো ব্যবসার উপর নির্ভর করেই তাঁদের সংসার চলে। তাঁর দাবি, এই মানুষগুলোর রুজি-রোজগারের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়া মানে তাঁদের পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া। তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালানো কোনও সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাঁদে জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের পদক্ষেপ প্রশাসনের নিষ্ঠুর মানসিকতারই পরিচয় দেয় বলে মন্তব্য করেন তিনি।
বাম আমলের প্রসঙ্গ টেনে মানিক সরকার বলেন, সেই সময়েও শহরের ফুটপাত পরিষ্কার করার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন কোনওরকম জোরজবরদস্তি করা হয়নি। আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছিল, তাঁদের বোঝানো হয়েছিল এবং বিকল্প ব্যবস্থার দিকেও নজর দেওয়া হয়েছিল। অথচ বর্তমান পুর নিগম কোনও আলোচনা ছাড়াই যেভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, তা সম্পূর্ণ অমানবিক ও গণবিরোধী।

