মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ছয় জনের মৃত্যু

মথুরা, ৭ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে শনিবার ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাক যাত্রীদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ছয় জন, জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটে ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে, সুরির থানা এলাকার অধীনে যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ৮৮-এর কাছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দিল্লি থেকে কানপুরগামী একটি বাসে করে যাত্রা করছিলেন মৃত ও আহতরা। পথিমধ্যে বাসটি অল্প সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়ায়। সেই সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমেছিলেন। অভিযোগ, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর ট্রাকটি তুলে দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তির পরিচয় অমর দুবে বলে জানা গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাঁরা হলেন, আওরাইয়ার বাসিন্দা সোনু, বাস্তির দেবেশ, কানৌজের আসলাম এবং দিল্লির প্রেম নগরের সন্তোষ। বাকি নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

মথুরার সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার বলেন, আজ ভোর প্রায় ২টা ৪৫ মিনিটে দিল্লি থেকে গ্রামীণ কানপুরগামী একটি বাস যমুনা এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়েছিল। কয়েকজন যাত্রী শৌচকার্যের জন্য নেমেছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের পিষে দেয়। এতে ছয় জনের মৃত্যু হয় এবং একজন আহত হন।

মথুরার জেলাশাসক সি. পি. সিং জানান, চালকের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। একজন আহত হলেও তিনি চিকিৎসার পর বিপন্মুক্ত। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক প্রত্যক্ষদর্শী ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বলেন, হঠাৎ কী ঘটল বুঝতেই পারিনি। বাস থেমেছিল, কয়েকজন যাত্রী নেমেছিলেন। আচমকা ট্রাক ধাক্কা মারতেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply