বক্সনগর, ৭ ফেব্রুয়ারি: পরীক্ষার ঠিক আগে আদমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। শনিবার সকালে বক্সনগর থানাধীন আদমপুর এলাকার পড়ুয়ারা সোনামুড়া–বক্সনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
জানা যায়, সকাল প্রায় ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা প্রায় আড়াই ঘণ্টা উত্তর কলমচৌড়া চৌমুনি বাজার এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। রাস্তার ওপর বসে পড়ুয়ারা শিক্ষিকা বদলির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
ছাত্রছাত্রীদের অভিযোগ, আদমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ১২০ জনেরও বেশি পড়ুয়া থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র চারজন। তার মধ্যেই শুক্রবার বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী পালকে হঠাৎ অন্যত্র বদলি করা হয়। ফলে পরীক্ষার প্রাক্কালে পঠন-পাঠনে চরম সমস্যা তৈরি হয়েছে।
পড়ুয়ারা আরও জানান, আগে বিদ্যালয়ে ৮–৯ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও একের পর এক বদলির কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। নিয়মিত শিক্ষক বদলির ফলে পাঠ্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে, যার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
ঘটনার খবর পেয়ে বক্সনগর ব্লক চেয়ারপার্সন স্বপ্না নমঃ দাস বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং পরীক্ষার সময়ে কেন এই ধরনের বদলি করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন।
বিক্ষোভ শুরুর প্রায় দেড় থেকে দু’ঘণ্টার মাথায় বক্সনগর বিদ্যালয় পরিদর্শক অফিসার তথা আইএস মহিম দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে এসএমসি কমিটি, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার পর শিক্ষিকা বৈশাখী পালকে আদমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েই পূর্ণ বহাল রাখার মৌখিক আশ্বাস দেওয়া হয়।
এই আশ্বাস পাওয়ার পর ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

