উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে বিকল্প জায়গার সন্ধানে পুরনিগমের প্রতিনিধি দল

আগরতলা, ৭ ফেব্রুয়ারি: উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে শনিবার আগরতলা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করল আগরতলা পুর নিগমের এক প্রতিনিধি দল। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাভাবিকভাবে তাঁদের ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারেন।

শনিবারের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার, স্মার্ট সিটি প্রকল্পের ডাইরেক্টর সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। প্রতিনিধি দলটি এদিন আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকা এবং বটতলা সংলগ্ন বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও সম্ভাব্য পুনর্বাসনস্থল পরিদর্শন করেন।

এদিন প্রশাসনিক দলে উপস্থিত থেকে সাজু ওয়াহিদ জানান, ইতিমধ্যেই শহরের বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। কিন্তু অনেক ব্যবসায়ী সেই নির্ধারিত স্থানগুলো ব্যবহার না করে রাস্তার ওপর বসে ব্যবসা করায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সেই কারণেই যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি প্রশাসনের তরফে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্বে নির্ধারিত জায়গাগুলিতে কী কী সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সমস্যাগুলির সমাধান করা হবে। পাশাপাশি নতুন করে আরও বিকল্প জায়গাও চিহ্নিত করা হচ্ছে, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এই নির্ধারিত জায়গাগুলি ক্ষুদ্র ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শহরের যানজট সমস্যার সমাধান হবে, তেমনই অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা রক্ষাও নিশ্চিত করা যাবে বলে মনে করছে পুরনিগম।

Leave a Reply