আগরতলা, ৬ ফেব্রুয়ারি: এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচার অভিযানে গতি আনল তিপরা মথা। শুক্রবার তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার উপস্থিতিতে সাব্রুমের বেতাগাতে এক জনসভার আয়োজন করা হয়। এডিসির মুহুরিপুর–ভুরাতলী আসনের অন্তর্গত সমস্ত ভিলেজের দলীয় কর্মী ও সমর্থকরা এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রদ্যোত বিক্রম মাণিক্য ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণ চন্দ্র জমাতিয়া, এলাকার এমডিসি দেবজিত ত্রিপুরা-সহ তিপরা মথার অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত বিক্রম মাণিক্য বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তিপ্রাসাদের অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য তিপরা মথার আন্দোলন অব্যাহত থাকবে। তিনি অভিযোগ করেন, তাঁকে জেলে পাঠানোর ভয় দেখানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই জেল রাজারা তৈরি করেছে। আমাকে জেলে নিতে গেলে আরও পাঁচশো জেল তৈরি করতে হবে। সমস্ত তিপ্রাসারা জেলে যেতে প্রস্তুত।
প্রদ্যোত আরও অভিযোগ করেন, বিজেপির কিছু নেতা তাঁর আশি বছর বয়সি মা এবং তাঁর বোনকে নিয়ে কটূক্তি করছেন, যা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
এডিসি প্রসঙ্গে প্রদ্যোত বলেন, রাজ্য সরকার আর্থিকভাবে এডিসিকে বঞ্চিত করছে। তা সত্ত্বেও এডিসি প্রশাসন তিপ্রাসা জনগোষ্ঠীর স্বার্থে নিরলসভাবে কাজ করে চলেছে। গোটা বক্তৃতা জুড়েই তিনি রাজ্য সরকার ও বিজেপি দলের সমালোচনায় মুখর থাকেন।
এডিসি নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে ঘিরে তিপরা মথার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

