আগরতলা, ৬ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি। সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলায় ভোট প্রচারে গেলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলার অন্তর্গত কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে অংশ নেন।
এদিন কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা এলাকায় পৌঁছালে জেলা সভাপতিসহ বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা সাংসদ রাজীব ভট্টাচার্যকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রচার কর্মসূচিতে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, কার্যকর্তাদের উৎসাহ, ঐক্য ও সমর্থন আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করবে। পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি বদ্ধপরিকর।
তিনি আরও জানান, কেন্দ্রের উন্নয়নমূলক কর্মসূচি ও বিজেপির আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দল বদ্ধপরিকর। আগামিদিনে কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা কেন্দ্রে বিজেপি আরও সংগঠিতভাবে নির্বাচনী লড়াইয়ে নামবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

