পশ্চিমবঙ্গে অন্তর্বর্তী বাজেট : ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ভাতা ৫০০ টাকা বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ

কলকাতা, ৫ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের মাসিক ভাতা প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ বড়সড় বৃদ্ধি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পেশ করা অন্তর্বর্তী (ভোট অন অ্যাকাউন্ট) বাজেটে এই প্রকল্পের অধীনে প্রত্যেক উপভোক্তার ভাতা মাসে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় এই অন্তর্বর্তী বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি শ্রেণিভুক্ত মহিলারা ১,২০০ টাকা করে পান। অন্তর্বর্তী বাজেট প্রস্তাব অনুযায়ী, এবার থেকে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা মাসে ১,৭০০ টাকা করে পাবেন।

এই প্রকল্পের জন্য অন্তর্বর্তী বাজেটে মোট ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একইসঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) চার শতাংশ বাড়ানোর কথাও ঘোষণা করেন।

অন্তর্বর্তী বাজেটে একটি নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। বাজেট ভাষণে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বছরের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার গঠিত হলে আগামী ১৫ আগস্ট থেকে এই প্রকল্প চালু করা হবে। তিনি বলেন, “২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ করা যুবক-যুবতীদের জন্য এই প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।”

এছাড়াও সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশ কর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সর্বশিক্ষা অভিযান (এসএসএ)-এর অধীনে কর্মরত ‘শিক্ষা বন্ধু’দের ভাতাও মাসে ১,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণাও অন্তর্বর্তী বাজেটে করা হয়েছে, যা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য প্রত্যাশা তৈরি করেছে।

চলতি অন্তর্বর্তী বাজেটের মোট আকার ধরা হয়েছে ৪.০৬ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, রাজ্যে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন-পরবর্তী নতুন মন্ত্রিসভাই ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবে বলে জানানো হয়েছে।