আগরতলা, ৫ ফেব্রুয়ারি: রামনগর ২ নম্বর রোডে ফের চাঞ্চল্য। একটি অ্যাপার্টমেন্টের সামনে থেকে দামী বাইক চুরির ঘটনা ঘিরে এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে। জানা গেছে, গতকাল রাতে বাইকের মালিক তার বাইকটি অ্যাপার্টমেন্টের নিচে স্বাভাবিকভাবেই পার্ক করে রাখেন। কিন্তু আজ সকালে উঠে তিনি দেখতে পান বাইকটি উধাও।
পরবর্তীতে অ্যাপার্টমেন্টে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলে স্পষ্টভাবে দেখা যায়, তিনজন চোর পরিকল্পিতভাবে এসে বাইকটি নিয়ে পালিয়ে যায়। চুরির পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা ও পশ্চিম থানার পুলিশের টহলদারি কতটা কার্যকর—তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, নিয়মিত ও দৃশ্যমান টহল থাকলে এ ধরনের চুরির ঘটনা অনেকটাই রোখা যেত।
বাইকের মালিক ইতিমধ্যেই পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন দেখার, কত দ্রুত চুরি যাওয়া দামী বাইকটি উদ্ধার করা যায় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে পুলিশ।

