কল্যাণপুরে ৩ হাজার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ জানুয়ারি: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কল্যাণপুর থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পরিপক্ব গাঁজা গাছ ধ্বংস করেছে। ঘটনাটি কল্যাণপুর থানাধীন তিনগরিয়াবাড়ি ও তুইহাচিংবাড়ি এলাকায় সংঘটিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তেলিয়ামুড়া মহকুমার এসডিপিও রোহন কৃষাণ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণপুর থানার ওসি আশিষ সরকার, বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা, এসআই অঞ্জন দেববর্মা সহ সিআরপিএফ ও টিএসআর বাহিনীর সদস্যরা।

রাতের অন্ধকারে অভিযান চালানো হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সম্পূর্ণ প্রস্তুতি। ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়। পুলিশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ গাঁজা চাষের অভিযোগ আসছিল। দিনের বেলায় এই ধরনের অভিযানে ঝুঁকি থাকায় গভীর রাতেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানের শেষে গাঁজার বাগান সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতেও অবৈধ গাঁজা চাষ ও মাদক সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply