কিশ্তওয়ারে জঙ্গি দমনে ‘অপারেশন ত্রাসি’, ফের গুলির লড়াই শুরু

শ্রীনগর, ৩১ জানুয়ারি : জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় শনিবার নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, জঙ্গি দমনে ওই এলাকায় চলা ‘অপারেশন ত্রাসি’ শনিবার ১৪তম দিনে পড়ল।

সেনা সূত্রে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ ডোগলাম এলাকায় জইশ-ই-মহম্মদের জঙ্গিদের একটি গোপন ডেরার হদিস মেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাক-বংশোদ্ভূত দুই জইশ কমান্ডার সইফুল্লা এবং আদিল সেখানে আত্মগোপন করে থাকতে পারে। গত দু’সপ্তাহ ধরে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল সেনা। গোপন ডেরার অবস্থান চিহ্নিত হওয়ার পর জঙ্গিদের ঘিরে ফেলার প্রস্তুতি নেয় বাহিনী।

অভিযান শুরু হতেই জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। জঙ্গিরা যাতে এলাকা ছেড়ে পালাতে না পারে, সেই কারণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনার প্রাথমিক অনুমান, ওই এলাকায় তিন জন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে। দু’জনের অবস্থান জানা গেলেও তৃতীয় জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর কিশ্তওয়ারের ছাত্রু এলাকায় জঙ্গি হামলায় এক সেনা নিহত হন এবং সাত জওয়ান আহত হন। সেই ঘটনার পর থেকেই কিশ্তওয়ার জুড়ে জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসি’। ড্রোন, স্নিফার ডগ এবং হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে দাবি, সইফুল্লা ও আদিল গত দু’বছর ধরে ওই অঞ্চল থেকে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিল এবং একাধিক গোপন ডেরা গড়ে তুলেছিল। সম্প্রতি সিংহপোরা এলাকায় জঙ্গিদের একটি ডেরা থেকে বিপুল পরিমাণ খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার হয়েছে।

এলাকায় এখনও চিরুনি তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।