ঢাকা, ১৯ জানুয়ারি : বাংলাদেশে ফের সড়ক দখল করলো ছাত্রদল। গত দু’দিন ধরে চলা আন্দোলনে এবার নির্বাচন কমিশনকে লক্ষ্য করে তাদের প্রতিবাদ জানানোর ঘটনা ঘটেছে। রবিবারের পর সোমবারও বিক্ষোভ জারি রাখার ঘোষণা দিয়েছে ছাত্রদল। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রাতে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার পর ছাত্রদল বা বিএনপির ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জানান, একই দাবিতে সোমবারও বিক্ষোভ কর্মসূচি জারি থাকবে। সোমবার সকাল থেকেই আবার ঢাকার নির্বাচন কমিশনের দফতরে এসে ঘেরাও কর্মসূচি শুরু করেন ছাত্রনেতারা।
ছাত্রদল দাবি করছে, নির্বাচন কমিশন সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে, তা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতার প্রতি গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, তা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে এবং দায়িত্বশীল সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত বলে তাদের অভিযোগ।ছাত্রদল আরও বলেছে, কমিশন এমন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা তাদের পেশাদারিত্ব ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপে নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছে কমিশন। ছাত্রদলের অভিযোগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইসি যে প্রজ্ঞাপন জারি করেছে, তা অস্বাভাবিক এবং বিতর্কিত। তাদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই ভোটারদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ তুলেছে বিএনপি। ছাত্রদলের আন্দোলন এবং বিএনপির শীর্ষ নেতাদের মতে, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
এছাড়া, গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে গিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। পরবর্তীতে মির্জা ফখরুল বলেন, “একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী জেতাতে অনৈতিক পথ অবলম্বন করছে এবং ব্যাপক হারে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তরিত করছে।”
এদিকে, ছাত্রদলের আন্দোলন নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে, এবং দেশজুড়ে রাজনৈতিক চর্চার মাঝে এই আন্দোলন নির্বাচনী সিস্টেমের ওপর নতুন ধরনের চাপ তৈরি করছে।

